সুন্দরবন ও ঝুঁকিপূর্ণ বাঁধের পাশে বালুমহাল ইজারার উদ্যোগ, ক্ষতির আশঙ্কা
- ১১:১৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 0
সুন্দরবনের মাত্র ৫০ মিটার দূরে এবং ভাঙনপ্রবণ বেড়িবাঁধের পাশে বালুমহাল ইজারা দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন। খুলনার কয়রা উপজেলার শাকবাড়িয়া নদীর খাসিটানা এলাকায় ৩ দশমিক ৬৭ একর চর বালুমহাল হিসেবে ইজারা দিতে সব প্রক্রিয়া শেষ করা হয়েছে। প্রস্তাবটি এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। স্থানীয় বাসিন্দা, পরিবেশকর্মী ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা বলছেন, সেখানে বালু উত্তোলন করা হলে সুন্দরবনের জীববৈচিত্র্য ও উপকূল রক্ষার বাঁধ মারাত্মক ঝুঁকিতে পড়বে।
খুলনা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, শাকবাড়িয়া নদীর খাসিটানা এলাকায় বালুমহাল ইজারার প্রস্তাব করেছে উপজেলা ও জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটি। প্রক্রিয়া শেষে প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাঠানো হয়েছে।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) চিহ্নিত ঝুঁকিপূর্ণ বাঁধের পাশে এবং বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও জলজ-স্থলজ প্রাণীর ক্ষতির আশঙ্কা রয়েছে—এমন স্থান থেকে বালু উত্তোলনের জন্য বালুমহাল ইজারা দেওয়া যাবে না। সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, প্রস্তাবিত স্থানটি এই আইনের বিধিনিষেধের আওতায় পড়লেও তা বিবেচনায় নেওয়া হয়নি।
সরেজমিনে দেখা যায়, শাকবাড়িয়া নদীর মাঝখানে দুটি স্থানে চর জেগেছে। সব মিলিয়ে প্রায় ৩ দশমিক ৬৭ একর জায়গা বালুমহাল হিসেবে ইজারার প্রস্তাব করা হয়েছে। এর মাত্র ৫০ মিটার দূরেই সুন্দরবন। নদীর দুই তীরেই রয়েছে ভাঙন। লোকালয় অংশে পাউবোর অনুমোদিত ঠিকাদারি প্রতিষ্ঠান ভাঙন প্রতিরোধে কাজ করলেও সুন্দরবন অংশে কার্যকর প্রতিরোধব্যবস্থা নেই। নদীর ভাঙনে সুন্দরবনের বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে পড়ছে। কোথাও কোথাও গাছের বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার নির্মাণকাজ ও বাঁধ মেরামতের জন্য বালু সরবরাহের আড়ালে একটি চক্র বালুমহাল ইজারা নেওয়ার চেষ্টা করছে। দীর্ঘদিন ধরে ওই চক্রের সদস্যরা ঝুঁকিপূর্ণ এলাকা থেকে অবৈধভাবে বালু তুলে সরকারি উন্নয়নকাজে বেশি দামে বিক্রি করছেন। এবার ইজারা পাওয়ার জন্যও তাঁরা পেছন থেকে তৎপরতা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা ইজারা বন্ধের পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলনও বন্ধের দাবি জানিয়েছেন।
দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সিরাজুল ইসলাম বলেন, ‘যে স্থানে বালুমহাল ইজারার কথা শুনেছি, তা আমাদের গ্রামের কাছেই। সেখান থেকে সরকার বছরে হয়তো এক-দুই কোটি টাকা রাজস্ব পাবে। কিন্তু এর ফলে সুন্দরবন ও বাঁধের যে ক্ষতি হবে, তা হাজার কোটি টাকা ব্যয় করেও পুষিয়ে ওঠা সম্ভব হবে না।’
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন ও উপকূল সুরক্ষা কমিটির সভাপতি তরিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র সুন্দরবনের ভেতরের নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তুলছে। এতে খাসিটানা-সংলগ্ন ছেড়া নদীর দুই তীরে ভাঙন বেড়েছে। এখন বালুমহাল ইজারা দেওয়া হলে ইজারাদারেরা যথেচ্ছভাবে বালু তুলবেন। এতে নদীভাঙন আরও তীব্র হবে এবং সুন্দরবনের ব্যাপক ক্ষতি হবে। সম্ভাব্য ক্ষতির কথা বিবেচনা করে তিনি ইজারা বাতিলের দাবি জানান।
কয়রা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস বলেন, জেলা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা কমিটির চিঠির পরিপ্রেক্ষিতে উপজেলা থেকে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। প্রস্তাবিত স্থানটি ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘ওই এলাকার ক্ষতিগ্রস্ত বাঁধ পুনর্নির্মাণে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্পের কাজ চলমান। সেখানে বালুমহাল অনুমোদন দেওয়া হলে ভবিষ্যতে দ্বিমুখী সংকট তৈরি হতে পারে।’
সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান বলেন, সুন্দরবনের পার্শ্ববর্তী কোনো নদীতে বালুমহাল ইজারা দেওয়া বেআইনি। বন বিভাগকে অবহিত না করে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হলে এর ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির দায় সংশ্লিষ্ট ব্যক্তিদেরই নিতে হবে।
পাউবো খুলনা-২ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুর রহমান বলেন, ঝুঁকিপূর্ণ বাঁধের পাশে বালুমহাল ইজারা দেওয়া হচ্ছে কি না, তা তাঁর জানা নেই। উপজেলা ও জেলা পর্যায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা কমিটি রয়েছে, তারাই ইজারার অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করে। তবে বাঁধের ক্ষতি হয়, এমন কোনো কর্মকাণ্ড হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক খোন্দকার মো. ফজলুল হক বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা কমিটি যে স্থানটি ইজারার জন্য নির্ধারণ করেছে, সেখানে কোনোভাবেই অনুমোদন দেওয়া উচিত নয়। ওই স্থানে বালুমহাল করা হলে সুন্দরবনের সামগ্রিক পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে।
জানতে চাইলে জেলা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, উপজেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সুপারিশের ভিত্তিতে শাকবাড়িয়া নদীর খাসিটানা এলাকায় বালুমহাল ইজারার একটি প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে এ বিষয়ে কোনো আপত্তি উঠলে তা বিবেচনায় নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।




















