আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কটিয়াদীতে বিএনপির বিক্ষোভ
- ১১:১৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 0
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র এবং রাজনৈতিক পরিস্থিতি অশান্ত করার অপচেষ্টার প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে কটিয়াদী উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি কটিয়াদী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিহত করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলটির নেতারা।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সহসভাপতি মিজানুর রহমান স্বপন, শেখ জসিম উদ্দিন মেনু ও শফিকুর রহমান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক এবং ধুলদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মুখলেছুর রহমান বাবলুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন বলে তাঁরা মনে করেন। দেশের গণতান্ত্রিক পরিবেশ ও শান্তিশৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা রুখে দিতে বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। কটিয়াদীতে কেউ নৈরাজ্য, বিশৃঙ্খলা কিংবা অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।
বক্তারা আরও বলেন, দেশের মানুষ শান্তিপূর্ণ পরিবেশ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা দেখতে চায়। রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির মাধ্যমে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না। এ জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ বলেন, দেশের গণতন্ত্র ও শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার যেকোনো চক্রান্ত রাজপথে মোকাবিলা করা হবে। কটিয়াদীতে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীরা সম্মিলিতভাবে তার প্রতিবাদ জানাবেন। এ সময় তিনি দলের সব পর্যায়ের নেতাকর্মীকে যেকোনো পরিস্থিতিতে সজাগ, সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।



















