শিক্ষার্থী-শিক্ষকদের জন্য চালু হচ্ছে ঋণ, ক্রেডিট কার্ড ও ব্যাংকিং সেবা
ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সঙ্গে কমিউনিটি ব্যাংকের সমঝোতা
- ১২:৪৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 1
শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য সমন্বিত ব্যাংকিং ও আর্থিক সেবা চালু করতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
মঙ্গলবার (১০ নভেম্বর) এ চুক্তি স্বাক্ষরিত হয়। এর আওতায় বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক আর্থিক ব্যবস্থাপনা সহজ করার পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা দেবে কমিউনিটি ব্যাংক।
সমঝোতা অনুযায়ী, শিক্ষার্থীদের জন্য ঋণ সুবিধা, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন ব্যবস্থাপনা, অগ্রিম বেতন সুবিধা, ক্রেডিট কার্ড এবং ক্যাম্পাসে ব্যাংকিং ও কালেকশন বুথ স্থাপন করা হবে। এ ছাড়া প্রয়োজন অনুযায়ী অন্যান্য আর্থিক সেবাও দেবে ব্যাংকটি।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগের ফলে বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেন আরও সহজ, দ্রুত ও সময়সাশ্রয়ী হবে। একই সঙ্গে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাস থেকেই প্রয়োজনীয় ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম. নুরুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিউনিটি ব্যাংক জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রাতিষ্ঠানিক ব্যাংকিং সম্পর্ক জোরদার এবং গ্রাহকদের প্রয়োজনভিত্তিক আর্থিক সেবা সম্প্রসারণের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এ অংশীদারত্ব গড়ে তোলা হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় অঙ্গনে আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা বিস্তারের পাশাপাশি শিক্ষা খাতের আর্থিক কার্যক্রমকে আরও অন্তর্ভুক্তিমূলক ও গতিশীল করতে চায় ব্যাংকটি।






















