দেওয়ানগঞ্জে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা
- ১১:৩৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 1
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। মাঠজুড়ে সবুজ-হলুদ রঙের ধানগাছ আর পাকা ধানের শীষে দুলছে কৃষকের স্বপ্ন। অনুকূল আবহাওয়া ও পরিচর্যার কারণে অনেক জমিতে ধানের ভালো ফলন পাওয়ার আশা করছেন কৃষকরা।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠে মাঠে এখন আমন ধান ঘিরে কৃষকদের ব্যস্ততা। বাহাদুরাবাদ, চিকাজানী, হাতিভাঙ্গা, দেওয়ানগঞ্জ সদর, পৌরসভা, পাররামরামপুর, চুকাইবাড়ী, সানন্দবাড়ী ও ডাংধরা ইউনিয়নের কৃষকরা ধানের ফলন নিয়ে আশাবাদী।
কৃষকদের প্রত্যাশা, আবহাওয়া অনুকূলে থাকলে এবং শেষ মুহূর্তে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে এ মৌসুমে আমন ধানের ভালো ফলন ঘরে তুলতে পারবেন তারা। এতে কৃষকের পারিবারিক চাহিদা পূরণের পাশাপাশি বাজারে ধানের সরবরাহও বাড়বে বলে আশা করা হচ্ছে।
তবে উৎপাদন খরচ, শ্রমিকের মজুরি, সার ও কীটনাশকের দাম নিয়ে কৃষকদের মধ্যে কিছুটা উদ্বেগ রয়েছে। কৃষকের সার পেতে ভোগান্তি ও ডিলারের কাছে সার না পেয়ে বাহিরে চড়া দামে সার কিনতে হয়েছে, তবুও ভালো ফলনের পাশাপাশি ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
সব মিলিয়ে আমন ধানের সম্ভাব্য বাম্পার ফলন ঘিরে দেওয়ানগঞ্জের কৃষকদের মধ্যে আশার আলো দেখা দিয়েছে। এখন প্রকৃতির অনুকূলতা ও ন্যায্যমূল্যের অপেক্ষায় রয়েছেন কৃষকরা।
বাহাদুরাবাদ ইউনিয়নের কৃষক খাইরুল জানান, আমার তিন একর জমিতে ধান চাষাবাদ করেছি, ভালো ফলন পাব আশা করছি, তবে সার পেতে ভোগান্তি পোহাতে হয়েছে ও ধানের পোকা দমনে কীটনাশক দিয়েছি এখন সরকার ধানের ন্যায্য দাম দিলে লাভবান হব।
দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে দেওয়ানগঞ্জে ১১ হাজার ৫৯২ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। গত বছর আবাদ হয়েছিল ১০ হাজার ৪৭০ হেক্টর জমিতে। অর্থাৎ এক বছরে আবাদ বেড়েছে ১ হাজার ১২২ হেক্টর।
দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন মিয়া জানান, দেওয়ানগঞ্জে চলতি মৌসুমে ১১হাজার ৫৯২ হেক্টর জমিতে ধান চাষাবাদ হয়েছে, আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের গাছের বৃদ্ধি ও শীষের অবস্থা বেশ ভালো। মাঠপর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ধানের ফলন ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এ বছর দেওয়ানগঞ্জে আমন ধানের বাম্পার ফলন হবে বলে আমরা আশাবাদী।



















