প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করার লক্ষ্যে রাণীনগরে বৃক্ষরোপণ ও বিতরণ
- ১১:২৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 1
মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করার লক্ষ্যে নওগাঁর রাণীনগরে কাঁশবন যুব সংস্থার পক্ষে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার উপজেলার হাতিরপুল এলাকায় ঐতিহ্যবাহী রক্তদহ বিলের পাখি পল্লী ও পর্যটন এলাকায় প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।
কাঁশবন যুব সংস্থার সভাপতি মো: আব্দুর রউফ রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: পাভেল রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নজরুল ইসলাম (মিয়া ভাই), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া মন্ডল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংস্থার সদস্য প্রমুখ। বৃক্ষরোপণ কার্যক্রম শেষে সংস্থার সদস্য ও স্থানীয় শতাধিক বাসিন্দাদের মাঝে একটি করে পরিবেশবান্ধব গাছ ও খুটি বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি বলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নির্মল ও বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আগামী ৫বছরে ৫কোটি পরিবেশবান্ধব বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ করেছেন। সেই লক্ষ্যে শুধু সরকারি প্রতিষ্ঠানই নয় বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনগুলোও প্রধানমন্ত্রীর গৃহিত বৃক্ষরোপণ কর্মসূচিকে শতভাগ সফল করার লক্ষ্যে বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। এমন কর্মসূচি সত্যিই প্রশংসার দাবীদার। তাই বুক ভরে বিশুদ্ধ বাতাস গ্রহণের লক্ষ্যে যার যেখানে একটি করে গাছ রোপণের সুযোগ আছে সেখানে একটি করে পরিবেশবান্ধব গাছ রোপণের আহ্বান জানান তিনি। ইসলাম ধর্মেও গাছ রোপণের গুরুত্ব তুলে ধরে বলা হয়েছে যে, কেয়ামত আসছে জেনেও তুমি একটি গাছ রোপণ করো। তাই বাসযোগ্য একটি নিরাপদ পৃথিবী গড়তে গাছ রোপণের কোন বিকল্প নেই বলে প্রধান অতিথি মন্তব্য করেন।



















