মোটরসাইকেলে এসে ব্যবসায়ীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি
- ১০:১৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 8
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে মো. আবছার চৌধুরী নামে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ওই ব্যবসায়ী।
আহত আবছার চৌধুরী কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাহাব উদ্দিন চৌধুরীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের পর আবছার চৌধুরী নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় তেমুহনী বাজারের দিক থেকে একটি মোটরসাইকেলে করে তিন অস্ত্রধারী সেখানে আসে। একপর্যায়ে তারা ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে আবছারকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুলিতে গুরুতর আহত আবছার চৌধুরীকে স্থানীয়রা উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সাংবাদিকদের কাছে তিনি দাবি করেন, তাঁকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় মো. কাদের ও মো. হারেছ নামে দুজন জড়িত বলে অভিযোগ করেন তিনি। তাঁদের দ্রুত গ্রেপ্তার করা হলে হামলার মূল পরিকল্পনাকারীর পরিচয় জানা যাবে বলেও দাবি করেন তিনি।
তবে কী কারণে এ হামলা চালানো হয়েছে এবং অভিযুক্তদের সঙ্গে আবছার চৌধুরীর কোনো পূর্ববিরোধ ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাশেদুল হাসান জানান, আহত ব্যক্তির ডান হাত, বাম পা ও বুকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কাঞ্চননগর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ ইকবাল বলেন, দুর্বৃত্তদের বিভিন্ন অপকর্মের তথ্য প্রশাসনকে দেওয়ার কারণে আবছার চৌধুরীর ওপর এ হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, আবছার নামে এক ব্যক্তির দোকানে কয়েকজন অস্ত্রধারী এসে গুলি ছুড়ে পালিয়ে যায়। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। হামলাকারীদের শনাক্ত ও আটকের বিষয়ে পুলিশ কাজ করছে।
























