অপপ্রচার চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ
গোপালগঞ্জে হত্যাযজ্ঞের পরিকল্পনার প্রচার ভিত্তিহীন: বিজিবি
- ১২:০০:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 4
বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) জড়িয়ে গোপালগঞ্জে হত্যাযজ্ঞের পরিকল্পনা করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো প্রচারণাকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বাহিনীটি। বিজিবির দাবি, বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে সংঘবদ্ধভাবে এসব অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। একই সঙ্গে সাধারণ মানুষকে সংঘবদ্ধ হয়ে বিজিবির ওপর হামলা চালাতে উসকানি দেওয়া হচ্ছে।
এক প্রতিবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম জড়িয়ে মনগড়া, বানোয়াট ও উসকানিমূলক তথ্য প্রচার করা হচ্ছে। গোপালগঞ্জে তথাকথিত অভিযান বা হত্যাযজ্ঞের আশঙ্কা ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের প্রচারণার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাহিনীটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপালগঞ্জের সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য প্ররোচিত করাই এসব গুজবের মূল উদ্দেশ্য বলে প্রতীয়মান হচ্ছে।
বিজিবি জানায়, গোপালগঞ্জ জেলা প্রশাসনের চাহিদা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বর্তমানে দুই ব্যাটালিয়ন বিজিবি সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় সেখানে মোতায়েন রয়েছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে জেলা প্রশাসন, এসআরবি, আনসার ও পুলিশের সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তাও জোরদার করা হয়েছে।
এ ছাড়া বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং সব ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। কেউ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে সাধারণ শান্তিকামী মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছে বিজিবি।




















