শরীরে লুকানো ১৮ স্বর্ণের বার উদ্ধার
- ১০:২৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 6
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর শরীরে লুকানো অবস্থায় ১৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ টাকা।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের (এফজেড-৫০১) যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের কাস্টমস হল এলাকার গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থান নেন গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় দুবাই থেকে আসা ফ্লাইটের যাত্রী মোহাম্মদ রুহুল আমিনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একই সঙ্গে তার সঙ্গে থাকা সব লাগেজ স্ক্যান করা হয়।
পরে শরীরে অবৈধ কোনো পণ্য লুকিয়ে পাচারের সন্দেহে ওই যাত্রীকে স্ক্যান করা হলে তার কাছে স্বর্ণের বার থাকার বিষয়টি স্বীকার করেন তিনি।
এরপর বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতে ওই যাত্রীর কাছ থেকে স্কচটেপে মোড়ানো কিছু ধাতব বস্তু উদ্ধার করা হয়। পরে সবার সামনে কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে স্কচটেপ খুলে প্রতিটি ১১৭ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়।
উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ২ হাজার ১০৬ গ্রাম বা প্রায় ২ কেজি ১০৬ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ টাকা।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




















