২১ দিনে দেশে ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স, শীর্ষে ইসলামী ব্যাংক
- ০৮:০০:১০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 8
চলতি নভেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে ২২৩ কোটি ৭১ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৭ হাজার ৭৪০ কোটি ৬৬ লাখ টাকা। প্রতি ডলার ১২৩ টাকা ধরে এ হিসাব করা হয়েছে। ব্যাংকভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে।
রবিবার (২২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের প্রথম ২১ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৬৩ কোটি ৩৫ লাখ ৯০ হাজার ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৩৮ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২১ কোটি ১ লাখ ৯০ হাজার ডলার প্রবাসী আয় এসেছে। এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে দেশে এসেছে ৩৮ লাখ ৫০ হাজার ডলার।
ব্যাংকভিত্তিক রেমিট্যান্স আহরণে শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক। ব্যাংকটির মাধ্যমে ২১ দিনে এসেছে ২৬ কোটি ৪৩ লাখ ৮০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২১ কোটি ১ লাখ ৯০ হাজার ডলার। তৃতীয় অবস্থানে রয়েছে অগ্রণী ব্যাংক, যার মাধ্যমে এসেছে ১৮ কোটি ৫৮ লাখ ১০ হাজার ডলার।
এ ছাড়া ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ৩২ লাখ ৭০ হাজার ডলার এবং সোনালী ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ১৯ লাখ ৪০ হাজার ডলার প্রবাসী আয় এসেছে।
নভেম্বরের প্রথম তিন সপ্তাহে প্রবাসীদের পাঠানো এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আসার ক্ষেত্রে বেসরকারি ব্যাংকগুলোর অংশগ্রহণও প্রতিবেদনে উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে।





















