১৮ দিনে ক্ষতিগ্রস্ত ৩১৭ কারখানা, অন্য দেশে চলে গেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার
অস্থিরতায় পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি
- ১০:০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 8
দেশের তৈরি পোশাক খাতে চলমান অস্থিতিশীলতার বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। মাত্র ১৮ দিনের অস্থিরতায় ৩১৭টি পোশাক কারখানার উৎপাদন ক্ষতি হয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে ক্রেতারা ৫৯ মিলিয়ন পিস পোশাকের অর্ডার অন্য দেশে সরিয়ে নিয়েছেন, যার বাজারমূল্য ২৫৪ মিলিয়ন ডলার। এতে একদিকে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে দেশের প্রধান রপ্তানি খাত, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের ভাবমূর্তি ও ক্রেতাদের আস্থা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্য কারখানাগুলোর ওপর পরিচালিত এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি এবং বিভিন্ন ধরনের বিঘ্নের কারণে কারখানাগুলোর ক্ষয়ক্ষতির চিত্র জানতে জরিপটি পরিচালনা করে সংগঠনটি।
বিজিএমইএর জরিপ অনুযায়ী, এখন পর্যন্ত ৩১৭টি কারখানা তাদের ক্ষয়ক্ষতির তথ্য দিয়েছে। এসব কারখানার উৎপাদন কার্যক্রম এক থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে। এতে শুধু উৎপাদন খাতেই ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। রপ্তানিমূল্য বা এফওবি (ফ্রি অন বোর্ড) ভিত্তিতে এই ক্ষতির হিসাব করা হয়েছে।
উৎপাদন বন্ধ থাকার পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় রপ্তানি আদেশ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ক্রেতাদের নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে অনেক কারখানাকে অতিরিক্ত ব্যয় করে আকাশপথে পণ্য পাঠাতে হচ্ছে। কোথাও আবার অর্ডার ধরে রাখতে বড় অঙ্কের মূল্যছাড় দিতে হচ্ছে। এমনকি কিছু ক্ষেত্রে অর্ডার বাতিলের ঝুঁকিও তৈরি হয়েছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, বাংলাদেশের ওপর ক্রেতাদের আস্থায় প্রভাব পড়তে শুরু করেছে। জরিপে অংশ নেওয়া কারখানাগুলোর তথ্য অনুযায়ী, ক্রেতারা ইতিমধ্যে নিশ্চিত হওয়া ৫৯ মিলিয়ন পিস পোশাকের অর্ডার বাংলাদেশ থেকে সরিয়ে অন্য দেশে নিয়ে গেছেন। এসব অর্ডারের আর্থিক মূল্য ২৫৪ মিলিয়ন ডলার। অর্থাৎ শুধু উৎপাদন বন্ধের ক্ষতিই নয়, ভবিষ্যৎ রপ্তানি আয় থেকেও বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিজিএমইএ বলছে, জরিপে উঠে আসা ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকৃত পরিস্থিতির তুলনায় অনেক কম। সংগঠনটির হিসাবে, ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০টির বেশি। কিন্তু স্বল্প সময়ের মধ্যে পরিচালিত জরুরি জরিপে এখন পর্যন্ত মাত্র ৩১৭টি কারখানা অংশ নিতে পেরেছে। ফলে জরিপের বর্তমান হিসাব দিয়ে পুরো শিল্পের ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব নয়।
এ ছাড়া জরিপের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হলেও শিল্পাঞ্চলগুলোতে অস্থিতিশীল পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। ফলে পরবর্তী সময়ে উৎপাদন ব্যাহত হওয়া, পণ্য সরবরাহে বিলম্ব এবং নতুন করে অর্ডার স্থানান্তরের ঘটনা ঘটলে সামগ্রিক ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
সংশ্লিষ্টরা বলছেন, তৈরি পোশাকশিল্পে উৎপাদন ও সরবরাহব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ক্রেতারা নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ, গুণগত মান এবং উৎপাদন সক্ষমতাকে বিশেষ গুরুত্ব দেন। কোনো দেশে বারবার উৎপাদন বিঘ্নিত হলে ক্রেতারা বিকল্প উৎসের দিকে ঝুঁকতে পারেন। বাংলাদেশের ক্ষেত্রে অন্য দেশে অর্ডার সরিয়ে নেওয়ার ঘটনা সেই ঝুঁকিরই ইঙ্গিত দিচ্ছে।
বিজিএমইএর মতে, এই ক্ষয়ক্ষতিকে শুধু তাৎক্ষণিক আর্থিক হিসাব দিয়ে বিবেচনা করার সুযোগ নেই। বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘদিনের অর্জিত সুনাম, নির্ভরযোগ্যতা এবং ভবিষ্যৎ সম্ভাবনার ওপরও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। ইতিমধ্যে নিশ্চিত অর্ডার অন্য দেশে চলে যাওয়ার ঘটনা ক্রেতাদের আস্থার সংকটকে সামনে নিয়ে এসেছে।
সংগঠনটি বলছে, দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পের সঙ্গে লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকা জড়িত। এ খাতের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম ব্যাহত হলে তার প্রভাব শুধু কারখানার মালিকদের ওপর নয়, শ্রমিক, রপ্তানি আয় এবং সামগ্রিক অর্থনীতির ওপরও পড়ে।
এ পরিস্থিতিতে শিল্পের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল আচরণ এবং কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মনে করছে বিজিএমইএ। সংকট দ্রুত মোকাবিলা করা না গেলে উৎপাদন ক্ষতির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থানও দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে। তাই শিল্পের চাকা সচল রাখা এবং ক্রেতাদের আস্থা পুনরুদ্ধারকে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সংগঠনটি।





















