বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ, উচ্ছেদের দাবি ২১৮১ অবৈধ স্থাপনা
কর্ণফুলী ড্রেজিং প্রকল্পের ব্যয় ৭১ কোটি থেকে বেড়ে ৩২১ কোটি
- ১০:৩০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 7
কর্ণফুলী নদীর ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের ব্যয় কয়েক বছরের ব্যবধানে ৭১ কোটি টাকা থেকে বেড়ে ৩২১ কোটি ৮৮ লাখ টাকায় দাঁড়িয়েছে। প্রায় সাড়ে চার গুণ ব্যয় বাড়লেও ড্রেজিংয়ের বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ উঠেছে। বুয়েটের সমীক্ষার সুপারিশ উপেক্ষা করে নদী থেকে উত্তোলিত বালি ও বর্জ্য বিভিন্ন খাল এবং নদীতীরবর্তী এলাকায় ফেলা হচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশ নদী ও জলাশয় রক্ষা আন্দোলন।
সংগঠনটি বলেছে, নদী ভরাট করে স্থাপনা নির্মাণ, শিল্পকারখানার জেটি স্থাপন এবং ভারী যানবাহন চলাচলের কারণে কর্ণফুলী নদী ও নগরীর পরিবেশ মারাত্মক ঝুঁকিতে পড়ছে। একই সঙ্গে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নদীর তীরের ২ হাজার ১৮১টি অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছে সংগঠনটি।
রোববার (২২ নভেম্বর) চট্টগ্রামের ফিরিঙ্গী বাজার অভয়মিত্র ঘাটের ছাত্রী ছাউনিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও দাবি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ২০১৩ সালে কর্ণফুলী নদীর ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ৭১ কোটি ২৮ লাখ টাকা। ২০১৮ সালে সংশোধিত হিসাবে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়ায় ১৮৩ কোটি ৬১ লাখ টাকা। পরবর্তী সময়ে ২০২০ সালে তা আরও বেড়ে ৩২১ কোটি ৮৮ লাখ টাকায় উন্নীত হয়। কয়েক বছরের ব্যবধানে প্রকল্পের ব্যয় প্রায় সাড়ে চার গুণ বাড়লেও ড্রেজিংয়ের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে যথেষ্ট স্বচ্ছতা নেই বলে অভিযোগ সংগঠনটির।
লিখিত বক্তব্যে বলা হয়, বুয়েটের ২০১৬ সালের সমীক্ষায় ড্রেজিংয়ের বর্জ্য সংরক্ষণের জন্য নাজিরচরে প্রায় ১৯০ একর জায়গায় বিশেষ ব্যবস্থাপনা গড়ে তোলার সুপারিশ করা হয়েছিল। কিন্তু সেই সুপারিশ অনুসরণ না করে নদী থেকে উত্তোলিত বালি ও বর্জ্য বিভিন্ন খাল এবং নদীতীরবর্তী এলাকায় ফেলা হচ্ছে। এতে নদীর নাব্যতা, পানি প্রবাহ ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
সংবাদ সম্মেলনে মনোহরখালী ডেল্টা-২ এলাকায় প্রায় ৬০০ মিটার দীর্ঘ লাইটার জেটি স্থাপনের পরিকল্পনা নিয়েও উদ্বেগ জানানো হয়। সেখানে সিমেন্ট কারখানার ক্লিংকার ও স্টিল কারখানার লোহার স্ল্যাগ খালাসের পরিকল্পনা রয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়িত হলে নদীর পানি ও আশপাশের পরিবেশ দূষিত হওয়ার ঝুঁকি বাড়বে বলে মনে করছে সংগঠনটি।
এ ছাড়া শিল্পকারখানার পণ্য পরিবহনে ভারী ট্রাক ও লরির অতিরিক্ত চলাচলে নগরীর সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া, যানজট ও দুর্ঘটনার আশঙ্কার কথাও তুলে ধরা হয়। সংগঠনটির দাবি, প্রতিদিন বিপুলসংখ্যক ভারী যানবাহন নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ব্যবহার করায় জনদুর্ভোগ বাড়ছে।
সংবাদ সম্মেলনে কর্ণফুলী নদী ও সংযুক্ত খালগুলোর দখল-দূষণ বন্ধ, ড্রেজিং প্রকল্পের ব্যয় ও বর্জ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত, নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ, শিল্পকারখানার পরিবেশগত ছাড়পত্র যাচাই এবং ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণসহ ১৫ দফা দাবি জানানো হয়।
বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক আলীউর রহমান।
এ সময় মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সভাপতি চৌধুরী ফরিদ, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এম নুরুল হুদা চৌধুরী, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি পেয়ার আলী, সিনিয়র সহসভাপতি জাফর আহমদ, সিন্চন ভৌমিক, মীর সাকিবসহ বিভিন্ন সংগঠনের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




















