বারী সিদ্দিকীর প্রয়াণ দিবস আজ
- ১২:৪৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 1
পরিবারে গানের চর্চা ছিল। তবে পেশাদার সংগীতশিল্পী কেউ ছিলেন না। মায়ের উৎসাহে গানে আগ্রহ পান। তবে সুরের ভুবনে তার বিচরণের শুরুটা বাঁশি দিয়ে। শৈশবে বাঁশির প্রেমে মজেন, পরে এটাই হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সঙ্গী।
কিন্তু বাঁশির কারণে তার হৃদয়ে দুঃখের আনাগোনাও ছিল। কারণ দীর্ঘ সময় পর্যন্ত বাঁশি বাজিয়ে তেমন কোনো পরিচিতি মেলেনি। অগত্যা কণ্ঠে তুলতে হয় গান। সেই গান দিয়ে পরিচিতির শুরু। পরে তার বাঁশির জাদুও ছড়িয়ে যায়, দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও।
ঘটনা ১৯৯৯ সালের। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হয় বিশ্ব বাঁশি সম্মেলন। সেখানে বিশ্বের ৭০টি দেশের প্রতিনিধি অংশ নেয়। উপমহাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নেন তিনি। নিজের জাদুকরী পরিবেশনায় মুগ্ধ করেন সবাইকে।
বাঁশির সুর নিয়ে তিনি গিয়েছিলেন ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মায়ানমার, যুক্তরাজ্য, ফ্রান্সসহ বহু দেশে। আর দেশেও নানা আয়োজনে তার বাঁশি ছিল বিশেষ চমক। তিনি যখন বাঁশিতে ফুঁ দিতেন, যেন শব্দের ভেতর দিয়ে ভেসে আসতো জাদুকরী কোনো সুর। শ্রোতার মনে সেই সুর ছড়িয়ে দিতো অদ্ভুত এক শীতলতা, চোখ ছলছল করে উঠত অনেকের। এমনই দরদভরা সুর তুলতেন তিনি। তার মতো করে এতটা বিরহ আর কে ফুটিয়ে তুলতে পারেন? কে আর বাজাতে পারেন তার মতো করে?
হ্যাঁ, বারী সিদ্দিকীর কথাই বলা হচ্ছিল। আজ তার প্রয়াণ দিবস। ২০১৭ সালের আজকের (২৪ নভেম্বর) দিনে তিনি না ফেরার দেশে উড়াল দেন। গায়ক হিসেবে বেশি পরিচিত হলেও বাঁশির জগতে তার যে দাপট বা শক্ত অবস্থান, তা অনন্য।
বারী সিদ্দিকীর জন্ম ১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনায়। ছোটবেলা থেকে বাঁশি নিয়েই ছিল তার বেশি আগ্রহ। অথচ জীবনের চার দশক পার করেও তেমন কোনো অবস্থান গড়ে নিতে পারেননি। অবশেষে ১৯৯৩ সালে নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের সঙ্গে পরিচয় ঘটে বারী সিদ্দিকীর। তার মাধ্যমেই বারীর কণ্ঠ আসে শ্রোতাদের সামনে। ১৯৯৮ সালে হুমায়ূন আহমেদ নির্মাণ করেন ‘শ্রাবণ মেঘের দিন’। এই সিনেমার ছয়টি গানে কণ্ঠ দেন বারী সিদ্দিকী। এর মধ্যে ‘পুবালী বাতাসে’, ‘শুয়া চান পাখি’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’ গানগুলো বিপুল জনপ্রিয়তা পায়। যার সুবাদে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন বারী সিদ্দিকী।
পরবর্তী সময়ে এক ডজনেরও বেশি অডিও অ্যালবাম প্রকাশ করেছেন বারী সিদ্দিকী। গান করেছেন ‘রূপকথার গল্প’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘ও আমার দেশের মাটি’, ‘মাটির পিঞ্জিরা’ সিনেমাগুলোয়।
বারী সিদ্দিকীর কণ্ঠে অনেক গানই জনপ্রিয় হয়েছিল। তার দরদভরা কণ্ঠে বাংলার চিরায়ত সুর খুঁজে পেয়েছিল শ্রোতারা। সেই সুবাদে ‘মনের দুঃখ মনে রইলো রে’, ‘অপরাধী হইলেও আমি তোর’, ‘আমার ঘরে জ্বালা বাইরেও জ্বালা’, ‘আমি একটা জিন্দা লাশ’, ‘আমার মন্দ স্বভাব’, ‘রজনী হইস না অবসান’সহ অনেক গান মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এখনো সেসব গান বাজে শ্রোতাদের মনে। আর সে গানের মধ্য দিয়ে বাংলার পথে-প্রান্তরে বিচরণ করেন বারী সিদ্দিকী।





















