ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়াতে ইউএনডিপির সঙ্গে চুক্তি
৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার
- ১০:১৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 1
দেশের ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ ও নাগরিকবান্ধব করতে ৬১টি জেলার প্রায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সোমবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের পরিচালক ও যুগ্মসচিব মো. পারভেজ হাসান এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস স্বাক্ষর করেন।
এ উদ্যোগের আওতায় হোল্ডিং ও খতিয়ানের রেকর্ড সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হবে। এর ফলে নাগরিকেরা অনলাইনে ভূমিসংক্রান্ত তথ্য সংগ্রহ, ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং ই-নামজারির আবেদন করতে পারবেন। পাশাপাশি বিভিন্ন সেবা নিতে বারবার ভূমি অফিসে যাওয়ার প্রয়োজন কমবে। ভূমির তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা, প্রশাসনিক দীর্ঘসূত্রতা কমানো এবং ভূমির মালিকানা সুরক্ষা জোরদার করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, আধুনিক, স্বচ্ছ ও নাগরিকবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে ভূমির নির্ভুল ডিজিটাল রেকর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অংশীদারত্ব ভূমিসংক্রান্ত বিরোধ কমাতে, অনিয়ম রোধ করতে এবং নাগরিকদের অযথা ভোগান্তি ছাড়াই নির্ভরযোগ্য ভূমিসেবা পাওয়ার সুযোগ নিশ্চিত করতে সহায়তা করবে।
ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, নির্ভুল ভূমি রেকর্ডই দক্ষ ও নির্ভরযোগ্য ভূমিসেবার ভিত্তি। রেকর্ডে ভুল থাকলে তার ওপর ভিত্তি করে দেওয়া সেবাও ত্রুটিপূর্ণ হবে। সরকারের লক্ষ্য শতভাগ নির্ভুল ডিজিটাল রেকর্ড নিশ্চিত করা, যাতে নাগরিকেরা তাদের প্রাপ্য সেবা পান।
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী বলেন, নির্ভুল ডিজিটাল ভূমি তথ্য ছাড়া আধুনিক ভূমিসেবা টেকসই হতে পারে না। ভূমি অফিসের রেকর্ড যত নির্ভুল হবে, নাগরিকদের ভোগান্তি তত কমবে, ভূমিসংক্রান্ত বিরোধ হ্রাস পাবে এবং রাজস্ব আদায়ে স্বচ্ছতা বাড়বে।
ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস বলেন, উন্নত ভূমি তথ্য মানে শুধু উন্নত ভূমি প্রশাসন নয়; বরং এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে মানুষ সহজে সরকারি সেবা পাবে এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে পারবে।
তিনি আরও বলেন, এ উদ্যোগে ইউএনডিপির ভূমিকা শুধু প্রযুক্তি ও কারিগরি সহায়তা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করে এমন ব্যবস্থা ও প্রক্রিয়া গড়ে তোলা হবে, যেগুলোর ওপর নাগরিকেরা আস্থা রাখতে পারবেন।
অনুষ্ঠানে প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র ন্যাশনাল কনসালট্যান্ট মো. আতিকুল হক। স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক মো. পারভেজ হাসান।
ভূমি মন্ত্রণালয় ও ইউএনডিপির এ অংশীদারত্বের কার্যক্রম শুরু হয় ২০২৫ সালে প্রাক্-পাইলট কার্যক্রমের মাধ্যমে। পরে আটটি পাইলট জেলায় প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করা হয়। দ্বিতীয় পর্যায়ে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলায় তা সম্প্রসারণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ অংশীদারত্বের আওতায় এখন পর্যন্ত ১১টি জেলার ৩৩৪টি ইউনিয়ন ভূমি অফিসের প্রায় ১ কোটি ৩৩ লাখ হোল্ডিং ও খতিয়ানের রেকর্ড ডিজিটাল করা হয়েছে। পাশাপাশি বিদ্যমান ভূমি রেকর্ডের বিভিন্ন অসংগতি শনাক্ত করতেও ইউএনডিপি সহায়তা দিয়েছে। এসব অসংগতি সংশোধনে ভূমি মন্ত্রণালয়ের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পথও সহজ হয়েছে।
দেশব্যাপী কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে একাধিক স্তরে তথ্য যাচাই, মাঠপর্যায়ে পর্যবেক্ষণ এবং ডিজিটাল পদ্ধতিতে তথ্যের মান নিশ্চিত করার ব্যবস্থা রাখা হবে। এর মাধ্যমে ভূমির তথ্যের নির্ভরযোগ্যতা ও জবাবদিহি বাড়ানোর পাশাপাশি রেকর্ড ব্যবস্থাপনায় অনিয়মের সুযোগ কমানোর পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে ভূমি ব্যবস্থাপনায় সুশাসন জোরদার হবে, জালিয়াতি ও হয়রানি কমবে এবং ভূমিসেবা আরও সহজলভ্য হবে। বিশেষ করে নারী, প্রতিবন্ধী ব্যক্তি, প্রবাসী ও ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী সহজে ভূমিসংক্রান্ত সেবা গ্রহণের সুযোগ পাবেন।




















