ভারতের বিশ্বকাপজয়ী কোচকে নিয়োগ দিচ্ছে পাঞ্জাব
- ০৯:৪১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 2
আইপিএলের দল পাঞ্জাব কিংসের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন পরশ মামব্রে। একই সঙ্গে ফিল্ডিং কোচের দায়িত্ব পাচ্ছেন চেন্নাই সুপার কিংসের সাবেক কোচিং স্টাফ রাজীব কুমার।
গত মাসে বোলিং কোচ জেমস হোপস ও ফিল্ডিং কোচ ব্র্যাড হ্যাডিনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে পাঞ্জাব। তাদের জায়গায় নতুন দুই কোচ নিয়োগ দিতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।
প্রধান কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে কাজ করবেন মামব্রে। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সে পন্টিংয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
ভারতীয় ক্রিকেটেও রয়েছে মামব্রের সমৃদ্ধ অভিজ্ঞতা। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাহুল দ্রাবিড়ের অধীনে ভারতের বোলিং কোচ ছিলেন তিনি। তার সময়ে ঘরের মাঠে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। এরপর ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সময়ও জাতীয় দলের কোচিং স্টাফের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মামব্রে।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দুই দফায় কাজ করেছেন তিনি। ভারতীয় দলের সঙ্গে দায়িত্ব পালনের পর আবারও মুম্বাইয়ে ফিরেছিলেন। তবে কোচিং স্টাফে পুনর্গঠনের অংশ হিসেবে গত মাসে ক্লাবটি ছাড়েন এই কোচ।
এখন পর্যন্ত আইপিএলের শিরোপা জিততে পারেনি পাঞ্জাব কিংস। ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সের কাছে এবং ২০২৫ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ফাইনালে হেরে যায় তারা।
২০২৫ সালের আইপিএলের আগে প্রধান কোচের দায়িত্ব নেন পন্টিং। তার অধীনে প্রথম মৌসুমেই ফাইনালে উঠেছিল পাঞ্জাব। ২০২৬ মৌসুমেও দারুণ শুরু করে দলটি। প্রথম ছয় ম্যাচে টানা জয় পায় তারা, একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। তবে এরপর ছন্দ হারিয়ে ফেলে পাঞ্জাব। শেষ পর্যন্ত আর মাত্র একটি ম্যাচে জয়ের দেখা পায় তারা। ছয়টি ম্যাচে হেরে প্লে-অফেও জায়গা হয়নি তাদের।

























