আইপিএলে ভাঙছে ‘ট্র্যাভিষেক’ জুটি
- ০২:১৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 7
ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মাকে নিয়ে গড়ে ওঠা সানরাইজার্স হায়দরাবাদের বিখ্যাত ওপেনিং জুটি ‘ট্র্যাভিষেক’ আসন্ন আইপিএলে ২২ গজ মাতাবে না। ব্যস্ত আন্তর্জাতিক সূচি সামনে রেখে ওয়ার্কলোড কমাতে আসন্ন আইপিএলে না খেলার সিদ্ধান্ত সানরাইজার্সকে জানিয়ে দিয়েছেন হেড। এই ফ্র্যাঞ্চাইজিও তাকে ছেড়ে দেবে বলেই মনে হচ্ছে।
হেডের না খেলার সিদ্ধান্তে হায়দরাবাদের ব্যাটিং লাইনে বড় শূন্যতা তৈরি হবে। কিন্তু গোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ১৬ ডিসেম্বরের নিলামের জন্য তারা আরও বেশি ব্যাংক ব্যালান্স পাবে। ২০২৫ সালের মেগা অকশানের আগে এই ফ্র্যাঞ্চাইজির ধরে রাখা পাঁচ আন্তর্জাতিক খেলোয়াড়ের একজন ছিলেন ১৪ কোটি রুপির হেড। তাতে করে তাকে ছেড়ে দিলে তারা নিলামের জন্য আরও বাড়তি ১৪ কোটি রুপি পাবে। কোন খেলোয়াড়কে ধরে রাখবে, আর কাকে ছেড়ে দেবে সেই সিদ্ধান্ত নেওয়ার শেষ দিন আজ।
হেডের এই সিদ্ধান্ত খুব বেশি অবাক করার মতো নয়। এই আগস্টে অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছিলেন, ২০২৭ সালে অস্ট্রেলিয়া ক্রিকেটকে বেশি প্রাধান্য দেওয়া হবে এবং সেটি বিবেচনায় রেখে বড় কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী বছরের টেস্ট সূচিতে অস্ট্রেলিয়ার রয়েছে ২০ ম্যাচ। জুনেই রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, যা হবে আইপিএলের ঠিক পরপর। তারপর রয়েছে অ্যাশেজ এবং ওয়ানডে বিশ্বকাপ। এর আগে খেলোয়াড়দের ওয়ার্কলোড নিয়ে বিশেষভাবে ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
২০২৪ সালের আইপিএল নিলামে হায়দরাবাদ প্রথমে ৬.৮ কোটি রুপিতে হেডের সঙ্গে চুক্তি করেছিল। প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টরি একজন বাঁহাতি ওপেনিং ব্যাটারের খোঁজে ছিলেন। ২০২৩ সালের নিলামে অবিক্রিত হেড নিউজিল্যান্ডার কোচের আস্থার প্রতিদান দেন দারুণভাবে। হায়দরাবাদকে ফাইনালে তুলতে ৪০ গড় ও ১৯১.৫৫ স্ট্রাইক রেটে ৫৬৭ রান করেন তিনি। অবশ্য ফাইনালে তার দল হেরে যায় কলকাতা নাইট রাইডার্সের কাছে।
হায়দরাবাদ ছিল হেডের দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি। তার আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১০ ম্যাচ খেলেছেন। হায়দরাবাদে মোট ৪৩ ম্যাচ খেলে এই অস্ট্রেলিয়ান ৩২.৯৫ গড় ও ১৭৬.১৪ স্ট্রাইক রেটে ১৩৫১ রান করেন। তবে তাকে নিয়ে হায়দরাবাদের সবচেয়ে বড় অর্জন অভিষেকের সঙ্গে তার জুটির দারুণ সব সাফল্য। এই জুটি শুধু আইপিএলে নয়, টি-টোয়েন্টি ক্রিকেটের ওপেনিংয়েও যুগান্তকারী পরিবর্তন আনেন।
রানের হিসাবে ট্র্যাভিষেক হায়দরাবাদের দ্বিতীয় সর্বোচ্চ সফল জুটি (শিখর ধাওয়ান ও ডেভিড ওয়ার্নারের পর)। তারা দুজনে মিলে ৪২ ইনিংসে ৪৬.১৪ গড়ে ১৮৯২ রান করেছেন, যার মধ্যে ছয়টি ছিল সেঞ্চুরি গড়া জুটি এবং ৯টি হাফ সেঞ্চুরির জুটি। স্কোরিং হারে, অন্তত এক হাজার রান করা জুটির মধ্যে আইপিএল ইতিহাসে ট্র্যাভিষেক সেরা, প্রতি ওভারে ১২.২৭ রান।
ইতোমধ্যে হায়দরাবাদ ট্রেড সম্পন্ন করেছে। দিল্লি ক্যাপিটালসে লেগ স্পিনার জিশান আনসারিকে পাঠিয়ে এনেছে বাঁহাতি সিমার টি নটরাজনকে। এছাড়া চেন্নাই সুপার কিংসের সঙ্গে অদলবদল করে তারা লিয়াম লিভিংস্টোন ও জ্যাক এডওয়ার্ডসকে দিয়ে এনেছে খলিল আহমেদ ও নাথান এলিসের ফাস্ট বোলিং জুটিকে। ৪ কোটি রুপির হার্শাল প্যাটেলকে নিয়ে গুজরাট টাইটান্সের সঙ্গেও ট্রেড করার পথে তারা।
























