বনদস্যুদের হাতে জিম্মি ৬৬ জন উদ্ধার, আটক ৪৩
দুবলার চরে রাস উৎসবে নিরাপত্তা জোরদার, মোতায়েন কোস্ট গার্ড
- ১১:০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 1
সুন্দরবনের বাগেরহাটের দুবলার চরে ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের জাহাজ, নিকটবর্তী স্টেশন ও আউটপোস্ট থেকে বিশেষ টহলদল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে ডুবুরি দল।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, প্রতি বছরের মতো এবারও সুন্দরবনের বঙ্গোপসাগর উপকূলবর্তী দুবলার চরে শত বছরের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হচ্ছে। এ উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তায় সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে বিশেষ নজরদারিও রাখা হয়েছে।
এ ছাড়া সুন্দরবনের বন্যপ্রাণী শিকার প্রতিরোধে বন বিভাগ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এসব অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ ৪৩ জন বনদস্যুকে আটক করা হয়েছে। পাশাপাশি বনদস্যুদের হাতে জিম্মি থাকা ৬৩ জন জেলে, দুজন পর্যটক ও একজন রিসোর্ট মালিকসহ মোট ৬৬ জনকে জীবিত উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে কোস্ট গার্ড ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানে কোণঠাসা হয়ে সাতটি সক্রিয় বনদস্যু বাহিনীর মোট ৬৪ জন সদস্য বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছে। সুন্দরবনকে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
রাস উৎসব চলাকালে পুণ্যার্থী ও দর্শনার্থীদের জরুরি প্রয়োজনে দ্রুত সেবা পেতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
কোস্ট গার্ড আশা প্রকাশ করেছে, তাদের নেওয়া বিশেষ নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে এবারের রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে সম্পন্ন হবে।
এ বিষয়ে ব্রিফিং প্রদান করেন বিসিজিএস তৌহিদের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার জাকি আল ফাত্তাহ।






















