অভিবাসন ও জলবায়ু ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় আইওএম
- ০৩:৫০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 6
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশে চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। সাক্ষাৎকালে আগামী ৬ ডিসেম্বর আইওএমের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানান তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশ ও আইওএমের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে নিয়মিত অভিবাসনের সুযোগ বৃদ্ধি, মেধাভিত্তিক অংশীদারিত্ব, দক্ষতা উন্নয়ন, ‘ইস্টার্ন করিডোর ইনিশিয়েটিভ’, প্রত্যাবাসিত অভিবাসীদের বিভিন্ন চ্যালেঞ্জ, জলবায়ু পরিবর্তনজনিত অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি এবং জলবায়ু অভিযোজনের বিষয়গুলো গুরুত্ব পায়।
আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, টেকসই ও স্বেচ্ছায় প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন। আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সাম্প্রতিক ঘটনাবলির পর এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া আরও জরুরি বলে উল্লেখ করেন তিনি।
দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের কারণে সৃষ্ট মানবিক পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক সহযোগিতা ও সমর্থন প্রয়োজন বলেও জানান প্রতিমন্ত্রী।
এ সময় আইওএমের চিফ অব মিশন সংস্থাটির বৈশ্বিক অগ্রাধিকার তুলে ধরেন। পাশাপাশি অভিবাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণ ও জোরদার করতে আইওএমের আগ্রহের কথা জানান তিনি।
সাক্ষাৎটি বাংলাদেশ ও আইওএমের বিদ্যমান অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে শেষ হয়। উভয় পক্ষ নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করা এবং মানবিক ও জলবায়ুজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।





















