শিক্ষা খাতে বিশ্বব্যাংক সহযোগিতা অব্যাহত রাখবে প্রত্যাশা মন্ত্রীর
- ১০:০৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 8
শিক্ষা খাতের উন্নয়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমে (Jean Pesme)-এর সৌজন্য সাক্ষাৎকালে এ প্রত্যাশার কথা উঠে আসে।
সাক্ষাৎকালে দেশের শিক্ষা খাতের উন্নয়ন, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নসহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় শিক্ষা খাতের চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পায়।
শিক্ষামন্ত্রী দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিশ্বব্যাংকের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন। অন্যদিকে, বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর বাংলাদেশের শিক্ষা খাতের অগ্রগতি ও সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাক্ষাৎকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, প্রাথমিক ও গণশিক্ষা সচিব দাউদ মিয়া এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞা উপস্থিত ছিলেন।




















