বাংলাদেশে তৈরি কাগজে ‘মেড ইন থাইল্যান্ড’, নকল ডাবল এ-এর ৪৪৪ রিম আটক
- ১০:৪০:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 8
বাংলাদেশে তৈরি কাগজে থাইল্যান্ডের উৎপাদন পরিচয় ব্যবহার করে বাজারজাত করা হচ্ছিল আন্তর্জাতিক ব্র্যান্ড ‘ডাবল এ’-এর নামে। প্যাকেটে লেখা ছিল ‘মেড ইন থাইল্যান্ড’। কিন্তু প্রকৃতপক্ষে কাগজগুলো দেশে উৎপাদিত। এমন অভিযোগে পুরান ঢাকার নয়াবাজারে অভিযান চালিয়ে ৪৪৪ রিম নকল ডাবল এ ব্র্যান্ডের কাগজ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১০) সহায়তায় দুটি প্রতিষ্ঠানে পৃথক অভিযান চালিয়ে এসব কাগজ আটক করা হয়।
সিআইআইডি জানায়, প্রথম অভিযানে ১৮৪ রিম এবং দ্বিতীয় অভিযানে ২৬০ রিম কাগজ পাওয়া যায়। এসব কাগজে ডাবল এ ব্র্যান্ডের নাম ও ‘মেড ইন থাইল্যান্ড’ লেখা ছিল। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া বক্তব্য ও অভিযানে পাওয়া তথ্য অনুযায়ী, কাগজগুলো প্রকৃতপক্ষে বাংলাদেশে তৈরি।
দেশে উৎপাদিত কাগজে বিদেশি ব্র্যান্ডের নাম ও উৎপত্তি দেশের মিথ্যা পরিচয় ব্যবহার করে বাজারজাত করা হচ্ছিল। এর মাধ্যমে ক্রেতাদের কাছে পণ্যের প্রকৃত উৎপত্তি গোপন করে প্রতারণা করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
সিআইআইডির মতে, এ ধরনের জালিয়াতির কারণে সাধারণ ক্রেতারা প্রতারিত হওয়ার পাশাপাশি বৈধ আমদানিকারক ও ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। বিদেশি ব্র্যান্ড ও উৎপত্তি দেশের পরিচয় ব্যবহার করে দেশীয় পণ্য বিক্রি করায় বাজারে অসুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি হচ্ছে।
সংস্থাটি আশঙ্কা করছে, নকল ডাবল এ কাগজ উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে আরও একাধিক প্রতিষ্ঠান জড়িত থাকতে পারে। এসব প্রতিষ্ঠান শনাক্ত করতে সংশ্লিষ্ট কারখানা, গুদাম ও বিক্রয়কেন্দ্রে ধারাবাহিক অভিযান চালানো হবে।
নকল পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সিআইআইডি।



















