১১ দেশের ক্রেতাদের অংশগ্রহণ
তৈরি পোশাকের বাইরে ১২ খাতে রপ্তানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
- ১০:২৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 6
তৈরি পোশাকের বাইরে রপ্তানি বহুমুখীকরণে নতুন সম্ভাবনা তৈরি করতে ঢাকায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬’ শেষ হয়েছে। এতে যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যসহ ১১টি দেশের আন্তর্জাতিক ক্রেতা ও সোর্সিং প্রতিনিধিরা অংশ নেন। ১২টি রপ্তানি খাতের ১৬১টি প্রতিষ্ঠান ২৪০টি স্টলে নিজেদের পণ্য ও উৎপাদন সক্ষমতা তুলে ধরে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে দেশীয় রপ্তানিকারকদের দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক তৈরি হবে। পাশাপাশি নতুন বাজার অনুসন্ধান, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং তৈরি পোশাকের ওপর রপ্তানি নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হবে।
গত ১৫ নভেম্বর পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হওয়া এ আয়োজন মঙ্গলবার (১৭ নভেম্বর) শেষ হয়। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে এ এক্সপোর আয়োজন করে।
সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, বাংলাদেশের উৎপাদন সক্ষমতা ও রপ্তানি পণ্যের বৈচিত্র্য ক্রমাগত বাড়ছে। এ অগ্রযাত্রা ধরে রাখতে পণ্যের গুণগত মান উন্নয়ন, রপ্তানি বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান এবং আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে হবে।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পণ্যের মান ও আন্তর্জাতিক কমপ্লায়েন্স নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং উৎপাদনশীলতা বাড়ানোর বিকল্প নেই। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বাণিজ্য সচিব আরও বলেন, একটি সোর্সিং এক্সপোর সাফল্য শুধু অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা দিয়ে বিচার করা যায় না। এক্সপোতে তৈরি হওয়া ব্যবসায়িক যোগাযোগের কতগুলো বাস্তব বাণিজ্যে রূপ নেয়, কতগুলো রপ্তানি আদেশ পাওয়া যায় এবং নতুন বাজারের সুযোগ কতটা কাজে লাগে, সেটিই প্রকৃত সাফল্যের মাপকাঠি। এ জন্য এক্সপো-পরবর্তী সময়ে ব্যবসায়িক যোগাযোগের কার্যকর ফলোআপের ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে তিনি আগামী ৮ নভেম্বর ২০২৭ তারিখে তৃতীয় গ্লোবাল সোর্সিং এক্সপো ঢাকার আয়োজনের তারিখ ঘোষণা করেন।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। তিনি বলেন, এবারের এক্সপোতে ১৬১টি প্রতিষ্ঠান ও ২৪০টি স্টলের মাধ্যমে বাংলাদেশের বহুমুখী উৎপাদন ও রপ্তানি সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা হয়েছে। ১১টি দেশের ক্রেতাদের অংশগ্রহণ বাংলাদেশের পণ্যের প্রতি বৈশ্বিক বাজারের আগ্রহ ও আস্থার প্রতিফলন।
তিনি বলেন, বাংলাদেশ এখন আর শুধু তৈরি পোশাকনির্ভর রপ্তানি গন্তব্য নয়। চামড়াজাত পণ্য, কৃষি ও কৃষিজাত পণ্য, পাটজাত পণ্য, হস্তশিল্প, প্লাস্টিক, ওষুধ, তথ্যপ্রযুক্তি, লাইট ইঞ্জিনিয়ারিং, সিরামিকস ও ফার্নিচারসহ বিভিন্ন খাতে বহুমুখী সোর্সিং হাব হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করছে।
এক্সপোতে অংশ নেওয়া ১২টি খাতের মধ্যে ছিল অ্যাপারেলস ও টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য ও হস্তশিল্প, কৃষি ও কৃষিজাত পণ্য, প্লাস্টিক ও কিচেনওয়্যার, ফার্নিচার ও হোমডেকর, ওষুধ, তথ্যপ্রযুক্তি, পেপার ও প্যাকেজিং, অটোমোবাইল ও বাইসাইকেল, লাইট ইঞ্জিনিয়ারিং এবং সিরামিকস ও টেবিলওয়্যার।
তিন দিনের এ আয়োজনে পণ্য প্রদর্শনীর পাশাপাশি চারটি বিশেষ সেমিনার, ব্যবসায়ী-ক্রেতাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক (বিটুবি), কারখানা পরিদর্শন, নেটওয়ার্কিং ডিনার ও ফ্যাশন শোর আয়োজন করা হয়। এর মাধ্যমে দেশীয় উদ্যোক্তারা সরাসরি আন্তর্জাতিক ক্রেতাদের কাছে নিজেদের পণ্য ও উৎপাদন সক্ষমতা তুলে ধরার সুযোগ পান।
সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে বিদেশি ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ, পণ্যের পরিচিতি বৃদ্ধি এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে। তাঁরা ভবিষ্যতেও এ আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী ১২টি খাত থেকে নির্বাচিত সেরা প্রতিষ্ঠানগুলোকে ‘বেস্ট স্টল অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। পণ্য উপস্থাপন, সৃজনশীলতা ও প্রদর্শনীর মান বিবেচনায় এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইপিবির মহাপরিচালক মোহাম্মদ শাফাওয়াত উল্লাহ। ধন্যবাদ বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ উল্লাহ।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ এক্সপোর মাধ্যমে তৈরি হওয়া ব্যবসায়িক যোগাযোগ কার্যকরভাবে কাজে লাগানো গেলে বাংলাদেশের রপ্তানি পণ্যের আন্তর্জাতিক পরিচিতি বাড়বে। একই সঙ্গে নতুন বাজার সৃষ্টি, আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্ব এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অংশগ্রহণ সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।






















