ডেঙ্গু প্রতিরোধে সাধারণ নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে : ডিএসসিসি প্রশাসক
- ১২:১৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 15
ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের ৫০ শতাংশ দায়িত্ব, বাকি ৫০ শতাংশ দায়িত্ব জনগণের। দুই পক্ষ নিজ নিজ দায়িত্ব পালন করলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নগর ভবন অডিটোরিয়ামে ডেঙ্গু রোগ প্রতিরোধ ও ভেক্টর নিয়ন্ত্রণবিষয়ক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, ডেঙ্গুতে মানুষের মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। এ রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই। সিটি করপোরেশনের পাশাপাশি সামাজিক সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান এবং নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। শুধু প্রচার-প্রচারণা চালালেই হবে না, মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সিটি করপোরেশনের জরিপের তথ্য তুলে ধরে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর গত মার্চে প্রথম জরিপ করা হয়। জরিপে যেসব ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি বেশি পাওয়া গিয়েছিল, সেখানে বিশেষ কর্মসূচি নেওয়া হয়। নিয়মিত কার্যক্রমের ফলে অক্টোবরে করা পরবর্তী জরিপে দেখা যায়, আগের ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলো আর সবচেয়ে খারাপ অবস্থানে নেই। তবে নতুন কিছু ওয়ার্ডে ঝুঁকি দেখা দিয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, জরিপ করা ৬০ থেকে ৭০ শতাংশ বাড়িতে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে।
তিনি বলেন, বাড়ি ও প্রতিষ্ঠানের মালিকেরা সচেতন হলে অনেক ক্ষেত্রেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব। নির্মাণাধীন ভবনে পানি জমে থাকা এবং সেখানে মশার লার্ভা জন্মানোর বিষয়টি উদ্বেগজনক। এমনকি ধানমন্ডির মতো অভিজাত এলাকাতেও ডেঙ্গুর ঝুঁকি রয়েছে। সমাজের উচ্চবিত্ত ও শিক্ষিত শ্রেণির মানুষকেও এ বিষয়ে আরও দায়িত্বশীল হতে হবে।
জনসচেতনতা তৈরিতে সিটি করপোরেশনের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে প্রশাসক বলেন, মাইকিং, লিফলেট বিতরণ এবং মসজিদে প্রচারের মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা চলছে। তবে এসব উদ্যোগ তখনই কার্যকর হবে, যখন নাগরিকেরা নিজেরা দায়িত্ব নিয়ে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখবেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের মতো সংগঠনগুলো জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের কর্মসূচি আয়োজন করলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তাদের পাশে থাকবে এবং অংশীদার হিসেবে কাজ করবে।
ঢাকা শহরের সামগ্রিক সমস্যা সমাধানে একটি মাস্টারপ্ল্যানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, পরিকল্পনা ছাড়া এভাবে ঢাকা শহর চলতে পারে না। শহরকে সচল ও বাসযোগ্য করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন। শুধু সিটি করপোরেশনের সমালোচনা করলেই হবে না, নাগরিকদেরও নিজেদের দায়িত্ব পালনে সচেতন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান এবং সভাপতিত্ব করেন জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. হামিদা খানম।
















