রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৬৬, উদ্ধার ককটেল-পেট্রোল বোমা
- ১১:০১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 3
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ১৩টি ককটেল, ৯টি পেট্রোল বোমা, ৯৫০ গ্রাম গান পাউডার এবং ৩ হাজার ৮১ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ডিএমপির রমনা বিভাগে ৩০ জন, লালবাগ বিভাগে ৪৬ জন, ওয়ারী বিভাগে ৫৬ জন, মতিঝিল বিভাগে ৬৪ জন, তেজগাঁও বিভাগে ৮০ জন, মিরপুর বিভাগে ১৩১ জন, গুলশান বিভাগে ২৯ জন এবং উত্তরা বিভাগে ২২ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) গ্রেফতার করেছে আটজনকে।
অভিযানকালে উদ্ধার করা অন্যান্য আলামতের মধ্যে রয়েছে বিস্ফোরিত পেট্রোল বোমার অংশবিশেষ, বিস্ফোরিত ১৭টি ককটেলের অংশবিশেষ, ২৪ ক্যান বিয়ার, দুই বোতল বিদেশি মদ, একটি বাস, পাঁচটি মোটরসাইকেল ও ১৪টি মোবাইল ফোন। এ সময় একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।














