ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৬৫, মামলা ৬৪
- ১০:৪৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 5
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ককটেলের অংশবিশেষ, মশাল ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপি সূত্র জানায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ডিএমপির মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৪৩ জন রয়েছেন। এ ছাড়া ওয়ারী বিভাগে ৯১, লালবাগে ৭০, তেজগাঁওয়ে ৬৮, মতিঝিলে ৫৮, উত্তরা বিভাগে ৫৫, রমনায় ৫০, গুলশানে ২৯ জন এবং গোয়েন্দা পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে দুটি অবিস্ফোরিত ককটেল ও ছয়টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়। এ ছাড়া ৬ হাজার ৮৭১ পিস ইয়াবা, ২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১১৭ পুরিয়া হেরোইন ও ৯ বোতল এস্কাফ উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও উদ্ধার করেছে একটি অটোরিকশা, ২৯টি মশাল, ১ দশমিক ৭৫ লিটার কেরোসিন, ১১টি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার ৪০০ টাকা।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব গ্রেফতার ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




















