রোহিঙ্গাদের প্রত্যাবাসনেই সংকটের স্থায়ী সমাধান: স্বরাষ্ট্রমন্ত্রী
- ০২:০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 17
বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা, অর্থনীতিতে বড় বোঝা; মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারে তাদের নিরাপদ, স্বেচ্ছায়, টেকসই ও সম্মানজনক প্রত্যাবাসনের মধ্যে নিহিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বাংলাদেশে বাস্তবে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। দীর্ঘদিন ধরে বিপুল এই জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়া দেশের অর্থনীতির জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারির (Kelley E. Currie) সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
বৈঠকে মিয়ানমারের বর্তমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন, সীমান্ত নিরাপত্তা এবং রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দাপ্তরিক নথিপত্রে রোহিঙ্গাদের সংখ্যা কম দেখানো হলেও বাস্তবে বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। বিপুল এই জনগোষ্ঠীকে দীর্ঘদিন আশ্রয় ও মানবিক সহায়তা দেওয়া বাংলাদেশের জন্য বড় অর্থনৈতিক চাপ তৈরি করেছে। তাই আন্তর্জাতিক সব উদ্যোগের মূল লক্ষ্য হওয়া উচিত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করা।
এ সময় আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা-সংক্রান্ত মামলার রায় ঘোষণার পর আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারি দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক আশ্রয় ও সেবা দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত ঐতিহাসিক মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরেন।
তিনি জানান, জাতিসংঘ ও এর আন্তর্জাতিক সহযোগীরা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ তৈরির পাশাপাশি মিয়ানমারে তাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে।
বৈঠকে রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় মাদক, অস্ত্র পাচার এবং সাইবার অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এ জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তিগত সহায়তা দেওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
এ ছাড়া চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রভাবশালী দেশগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
সাক্ষাৎকালে জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের সফরসঙ্গী থমাস হুনেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান উপস্থিত ছিলেন।













