বিশ্বসেরা গুগল রেটিং অর্জন করেছে টরন্টোর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল
- ০২:২৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / 1
টরন্টোর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল তিন হাজারের বেশি রিভিউয়ের ভিত্তিতে গুগল ম্যাপে ৫-এর মধ্যে ৪ দশমিক ৮ রেটিং অর্জন করেছে। বিশ্বব্যাপী কূটনৈতিক মিশনগুলোর মধ্যে যা সর্বোচ্চ রেটিং।
এই রেটিং কনস্যুলেটের সেবা গ্রহণকারী বিপুলসংখ্যক মানুষের অভিজ্ঞতা ও মতামতকে প্রতিফলিত করে। একই সঙ্গে এটি কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের প্রয়োজনের প্রতি আরও সহজলভ্য, দক্ষ, স্বচ্ছ ও সাড়াদানে সক্ষম কনস্যুলার সেবা নিশ্চিত করতে কনস্যুলেটের অব্যাহত প্রচেষ্টার স্বীকৃতি।
বুধবার (২৮ অক্টোবর) কানাডার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল টরেন্টোর কনস্যুলার জেনারেল মো. শাহ আলম খোকনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কনস্যুলার সেবা গ্রহণের সঙ্গে যুক্ত সময়, ব্যয় ও ভোগান্তি কমাতে কনস্যুলেট বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে একই দিনে এনভিআর, পাওয়ার অব অ্যাটর্নি এবং নথি সত্যায়নের কাজ সম্পন্ন করা। এর ফলে বিশেষ করে দূরবর্তী প্রদেশগুলো থেকে আসা আবেদনকারীরা একবারের ভ্রমণেই তাদের কাজ সম্পন্ন করতে পারছেন। অধিকাংশ সেবার ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সরাসরি সেবা গ্রহণের সুযোগ চালু করা হয়েছে। পাশাপাশি, অ্যাপয়েন্টমেন্টের শর্ত শিথিল করায় দূর-দূরান্তের প্রদেশ থেকে আসা আবেদনকারীরাও উপকৃত হচ্ছেন।

















