গোলাম পরওয়ার কেন চোরের মতো পালিয়ে ভারতীয় গোয়েন্দার সঙ্গে বৈঠক করবেন?
- ০৯:৪৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 1
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ভারতের উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে ‘গোপন বৈঠক’ করেছেন বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে তিনি এই জামায়াত নেতাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, বৈঠকের তথ্য যদি মিথ্যা হয়, তবে মিয়া গোলাম পরওয়ার যেন তার বিরুদ্ধে মানহানির মামলা করেন।
সোমবার (২৬ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।
ওই পোস্টে রাশেদ খাঁন লেখেন, ভারতীয় উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের তথ্য যদি মিথ্যা হয়, তবে মিয়া গোলাম পরওয়ার যেন আমার বিরুদ্ধে মানহানির মামলা করেন।
তিনি বলেন, মিয়া গোলাম পরওয়ার এই বৈঠকে অংশগ্রহণ করতে কয়েকবার গাড়ি পরিবর্তন করেছেন। একটি দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা কেন চোরের মতো পালিয়ে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন?
‘ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে মিয়া গোলাম পরওয়ার ও এটিএম মা’ছুমের বৈঠকের বিষয়টি নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে সবার কাছে তথ্য রয়েছে। একটি ইসলামিক দলের নেতা হিসেবে তার উচিত হবে, বিষয়টি স্বীকার করে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জাতিকে খোলাসা করা।’
তিনি বলেন, নাকি জামায়াত এখন, ‘বাঁচার জন্য মিথ্যা বলা যায়েজ’ এই থিউরি অবলম্বন করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে?
এর আগে সোমবার দুপুরে ফেসবুকে অন্য এক পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, গত ১৬ অক্টোবর রাজধানীর বারিধারায় ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াত নেতাদের ওই বৈঠক হয়।
বিষয়টি অস্বীকার করে গোলাম পরওয়ার এ দাবির পক্ষে প্রমাণ দিতে বলেছেন। রাশেদ খাঁন তার তথ্য ‘শতভাগ সত্য’ বলে অন্য এক পোস্টে দাবি করেন।















