২২ নভেম্বর শুরু হচ্ছে জাতীয় এসএমই পণ্যমেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ০৭:১১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / 3
আগামী ২২ নভেম্বর শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬। ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ২৮ নভেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী এ মেলা চলবে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন। একই অনুষ্ঠানে ১২তম জাতীয় উদ্যোক্তা পুরস্কার-২০২৬-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন তিনি।
এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান ২২ নভেম্বর সকাল সাড়ে ১০টায় সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে শুরু হবে। অনুষ্ঠান চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অনলাইনে নিবন্ধনের আহ্বান জানিয়েছে এসএমই ফাউন্ডেশন। আগামী ৩১ অক্টোবরের মধ্যে এই লিংকে প্রবেশ করে নিবন্ধন করতে হবে। আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের কপি এবং ব্যবসার প্রমাণ হিসেবে ট্রেড লাইসেন্স বা অন্য কোনো প্রাসঙ্গিক নথি জমা দিতে হবে।
ফাউন্ডেশন জানিয়েছে, উদ্যোক্তা নির্বাচনের ক্ষেত্রে ঢাকার বাইরের উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হবে। নারী উদ্যোক্তাদের জন্য নির্দিষ্টসংখ্যক আসন সংরক্ষিত থাকবে। নির্বাচিত উদ্যোক্তাদের ডাকযোগে বা কুরিয়ারে নির্দিষ্ট সিরিয়াল নম্বরযুক্ত আমন্ত্রণপত্র পাঠানো হবে। আমন্ত্রণপত্র ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রবেশ করা যাবে না। এ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য এসএমই ফাউন্ডেশন কোনো অর্থ দেবে না।
আয়োজকদের তথ্যমতে, জাতীয় এসএমই পণ্যমেলা শতভাগ দেশীয় পণ্যের বৃহত্তম মেলা। এতে সারা দেশ থেকে ৪০০-এর বেশি উদ্যোক্তা অংশ নেবেন। মেলায় পণ্য বিক্রির পাশাপাশি প্রচার, দেশি-বিদেশি ক্রেতাদের কাছ থেকে কার্যাদেশ পাওয়া এবং নতুন ব্যবসায়িক সংযোগ তৈরির সুযোগ থাকবে।
এ ছাড়া উদ্যোক্তাদের সহায়তায় বিভিন্ন ব্যাংক, অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি প্রায় ৫০টি প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে উদ্যোক্তারা বিভিন্ন আর্থিক ও ব্যবসায়িক সেবা গ্রহণের সুযোগ পাবেন।
নিবন্ধনসংক্রান্ত তথ্য বা স্পষ্টীকরণের জন্য এসএমই ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা যাবে। তাঁর মোবাইল নম্বর ০১৮১৮১০০০১৭। যোগাযোগের সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।















