কোন ইউনিয়নে কবে ভোট, জানা যাবে বৃহস্পতিবার
- ০৩:৩০:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 4
কোন ইউনিয়নে কবে ভোট, জানা যাবে বৃহস্পতিবার/ফাইল ছবি
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। কোন ইউনিয়নে কবে নির্বাচন হবে, তা বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির ১৪তম কমিশন সভা শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে নির্বাচন হতে পারে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা করা হয়েছে।
সানাউল্লাহ বলেন, পঞ্চম ধাপে ইচ্ছা করেই ইউনিয়নের সংখ্যা কম রাখা হয়েছে। এর মধ্যে আইনি জটিলতা বা অন্য কোনো কারণে যেসব ইউনিয়নের নির্বাচন আটকে আছে, সেগুলো পরে এ ধাপে সমন্বয় করা যাবে।
তিনি আরও বলেন, ‘ইউপির ধাপ, সংখ্যা এবং এটার স্পেসিফিক নামগুলো আগামী বৃহস্পতিবারে ওয়েবসাইটের মাধ্যমে সবাই জেনে যাবেন।’
প্রথম ধাপের নির্বাচন আয়োজনের সময়সূচি প্রসঙ্গে সানাউল্লাহ বলেন, ‘ধরে নেন যদি প্রথম ধাপের নির্বাচন তো আমরা বলে দিয়েছি যে ২১ জানুয়ারি, তার থেকে প্লাস-মাইনাস ৫০ দিন—এটা জেলা নির্বাচন কর্মকর্তারা ঘোষণা করবেন।’
তবে কোন ইউনিয়নে ঠিক কবে ভোট হবে, সে বিষয়ে বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবার ওয়েবসাইটে প্রকাশ করার কথা জানিয়েছেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচনের সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বা রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, ‘আমরা মনে করি না যে স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রভাব ফেলবে। স্থানীয় সরকার নির্বাচন বরং আইন-শৃঙ্খলা কোনো কোনো ক্ষেত্রে ভালো রাখতে সহায়তা করবে।’



















