চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২০০ ছুঁইছুঁই
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ কমার কোনো লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে চলতি বছরে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৮ জনে এবং আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪৭ হাজার ৩৪২ জনে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সর্বাধিক রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৭ জন। চট্টগ্রামে ৭০ জন, ঢাকার বাইরে ঢাকা বিভাগে ৭৯ জন, ঢাকা উত্তর সিটিতে ১০১ জন, দক্ষিণ সিটিতে ১১৩ জন, ময়মনসিংহে ২৮ জন, রাজশাহীতে ২৫ জন এবং সিলেটে তিনজন ভর্তি হয়েছেন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৬১২ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ হাজার ৭৯৬ জন। আক্রান্তদের মধ্যে ৬৪ দশমিক ২০ শতাংশ পুরুষ এবং ৩৫ দশমিক ৮০ শতাংশ নারী।
উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল এক হাজার ৭০৫ জনের এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। আর ২০২৪ সালে মৃত্যু হয় ৫৭৫ জনের এবং আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন।













